মোঃ বাবুল হোসেন | জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এক অনন্য দৃশ্যের অবতারণা করেছেন আশিউর্ধ্ব এক নারী ভোটার। বয়সের ভারে নিজে চলাচল করতে অক্ষম হলেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে দৃঢ় সংকল্প দেখিয়ে ভোটকেন্দ্রে হাজির হন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ধুরইল মাদ্রাসা ভোটকেন্দ্রে ননদের কাঁধে ভর দিয়ে উপস্থিত হন আদিবাসী নারী রাথো বালা। তিনি পীরপাল গ্রামের মৃত সুধির চন্দ্রের স্ত্রী। বয়সজনিত কারণে হাঁটতে না পারলেও ভোট দেওয়ার আগ্রহ তাকে কেন্দ্রে টেনে আনে।
ভোটকেন্দ্রে উপস্থিত সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি হাসিমুখে বলেন, “ভোট হলো জনগণের অধিকার। তাই ভোটটি দিতে আসলাম।” তার এই মন্তব্য ও উপস্থিতি কেন্দ্রের অন্য ভোটারদের মাঝেও উৎসাহ জাগায়।
স্থানীয়রা জানান, শারীরিক অসুস্থতা ও বার্ধক্য উপেক্ষা করে ভোট দিতে আসা রাথো বালার এই উদ্যোগ গণতান্ত্রিক চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত। নির্বাচনকে ঘিরে পাঁচবিবি উপজেলার বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বয়স্ক ও নারী ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।