ঝালকাঠি প্রতিনিধি |

ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় সোমবার বিকেলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মুহূর্তেই মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। পরবর্তীতে আগুন দ্রুত বাসে ছড়িয়ে পড়ে, ফলে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ অন্তত পাঁচজন দগ্ধ ও আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। আহতদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে দুই ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ বাসটি জব্দ করেছে, তবে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।