লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলায় পৃথক দুটি স্কুল কেন্দ্র সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিট থেকে ৭টা ২৫ মিনিটের মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রথম ঘটনাটি ঘটে গোপালগঞ্জ শহরের বিনা পানি স্কুলের সামনে এবং পৌরসভার ১১৬ নম্বর শহীদ মাহাবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (নীলার মাঠ) সংলগ্ন সড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তি হঠাৎ করে সড়কের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরপরই সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অপরদিকে একই সময়ের কাছাকাছি গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ছিলনা গুয়াধানা স্কুল কেন্দ্রের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আকস্মিক বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দারা ভীতসন্ত্রস্ত হয়ে নিরাপদ স্থানে সরে যান।
বিস্ফোরণের সময় এলাকায় লোকজন চলাচল করলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিস্ফোরণের আলামত সংগ্রহ ও আশপাশের এলাকা তল্লাশি চালানো হচ্ছে। কে বা কারা এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে তা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।