মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অভ্যন্তরীণ নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “নির্বাচন ও গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।”
রাজশাহী বিভাগে রয়েছে ৮ জেলা, ৬৭ উপজেলা, ১ সিটি কর্পোরেশন, ৬২ পৌরসভা ও ৫৬৫ ইউনিয়ন। প্রায় ১৮,১৫৪ বর্গকিলোমিটার এলাকায় আনুমানিক ২ কোটি ৩ লাখ মানুষ বসবাস করছেন।
বিভাগের চূড়ান্ত ভোটার সংখ্যা ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন এবং মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫,২৮৭টি। এর মধ্যে ১,৭৬৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এবং এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচন ও গণভোটের জন্য ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
আইনশৃঙ্খলা রক্ষায় মোট ১,০৪,০৬৬ জন সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে সেনাবাহিনীর ১০,০০০, বিজিবি ৪,১২৩, রাজশাহী রেঞ্জ পুলিশ ১৩,৭৯৬, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২,৪০৫, র্যাব ১,০০৬ এবং আনসার ৭২,৭৩৬ জন সদস্য দায়িত্বে থাকবেন। প্রতি আসনে গড়ে ২,৬৬৮ জন সদস্য মোতায়েন থাকবেন।
এছাড়া ৫,২৬৬টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং ২,৩১৮টি কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।