এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের ১,৪৯১টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় ভোটগ্রহণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকাল থেকে জেলার ১৭টি উপজেলায় নির্ধারিত ভেন্যুতে ব্রিফিং শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।
সকাল ১০টা থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা নিজ নিজ কেন্দ্রের সরঞ্জাম গ্রহণ করেন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় ২৬,০০০-এরও বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। পুরো জেলায় ৩,৯৫৯ জন পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ৭৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া ৫৫ প্লাটুন সেনাবাহিনী, ৩৯ প্লাটুন বিজিবি, র্যাবের ২৪টি টিম, ব্যাটালিয়ন আনসারের ২৭২ জন সদস্য এবং আনসার ও ভিডিপির ১৯,৩৮৩ জন সদস্য মোতায়েন রয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতার মাধ্যমে কুমিল্লায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।