লুৎফর সিকদার |
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে পুলিশের উপস্থিতির মধ্যেই জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো শহরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সরকারি বাসভবনের সামনের সড়কে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আলামত সংগ্রহ করেন। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই জেলা প্রশাসকের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ গার্ড বসানো হয়।

পরপর দুটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার বাসভবনের সামনে বিস্ফোরণের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।