আশিকুজ্জামান রানা |
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ জনসভা অনুষ্ঠিত হয় আদিতমারী উপজেলার ভাদাই জি.এস. উচ্চ বিদ্যালয় মাঠে।

বিকেল গড়াতেই মাঠ ছাড়িয়ে জনস্রোত আশপাশের সড়ক ও বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় পর জামায়াতের এমন বিশাল শোডাউন আদিতমারী-কালীগঞ্জ এলাকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি এবং লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।

বক্তব্যের শুরুতেই তিনি আদিতমারী ও কালীগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “গত দেড় দশকে এ অঞ্চলের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। ভয়ভীতি ও অন্যায়ের রাজনীতি সাধারণ মানুষের কণ্ঠরোধ করে রেখেছিল। এখন সময় এসেছে সেই ভয় জয় করার।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে আদিতমারী-কালীগঞ্জকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, নৈতিক শিক্ষার প্রসার এবং তিস্তা তীরবর্তী কৃষকদের ভাগ্য পরিবর্তনে টেকসই সেচব্যবস্থা ও আধুনিক বাজার ব্যবস্থার উন্নয়ন করা হবে। কৃষকরা যেন সার সংকটে না পড়ে, সে বিষয়েও বিশেষ নজর দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাদাই জি.এস. উচ্চ বিদ্যালয় মাঠে জনতার এই ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে, আসন্ন নির্বাচনে লালমনিরহাট-২ আসনে জামায়াতে ইসলামী একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে।

অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু তার বক্তব্যে স্পষ্ট করেন, জামায়াত কেবল ভোটের লড়াইয়ে নয়, বরং মানুষের সেবায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সাধারণ মানুষ এখন সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রত্যাশা করে, আর সেই প্রত্যাশা পূরণে অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু এই আসনের একজন যোগ্য প্রার্থী।

সভা শেষে একটি বিশাল মিছিল আদিতমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গোটা এলাকায় এখন একটাই আলোচনা—আদিতমারী-কালীগঞ্জের রাজনীতিতে কি তবে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে?