হুমায়ুন কবির |
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

নান্দাইল, ময়মনসিংহ: নান্দাইল (ময়মনসিংহ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরী সোমবার (৯ ফেব্রুয়ারি ২৬) দুপুরে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় ভোটারদের উদ্দেশ্যে বলেন, “দূর্নীতি ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে ধানের শীষে ভোট দিন।”
উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা থেকে তৃণমূল নেতাকর্মীদের পৃথক মিছিলের মাধ্যমে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। মাঠ ও আশপাশের এলাকা পূর্ণ হয়ে বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

ইয়াসের খান চৌধুরী বলেন, নির্বাচিত হলে ও সরকার গঠনে সুযোগ পেলে বিএনপি দূর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক নান্দাইল গড়ে তুলবে।

তিনি আরও বলেন, প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং জনগণের জীবনমান উন্নয়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো যুগোপযোগী কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

এছাড়াও নান্দাইলের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি নরসুন্দা নদে ত্রি-মুখী ব্রিজ নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, “ধানের শীষ জনগণের আস্থার প্রতীক। নান্দাইলে বিএনপি নেতাকর্মীরা সক্রিয়। কোনো প্রপাগান্ডা বা টাকা ছড়িয়ে ধানের শীষের বিজয় আটকানো যাবে না।”

জনসভায় নান্দাইল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম সম্পাদক বাবু পল্লব রায়, ইয়াসের খান চৌধুরীর ভগ্নপতি বিশিষ্ট সমাজসেবক সায়রুল হক জোয়ারদার, মইজুল হোসেন চৌধুরী, নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান মনির, জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল এবং যুবদল নেতা শাকিল মাহমুদ, আক্রম হোসেন ফেরদৌস সহ উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। নেতাকর্মীরা নির্বাচনের দিন পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রাখার ঘোষণা দেন।