জয়পুরহাটের পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর দাফন সম্পন্ন হয়েছে। তিনি প্রয়াত গমতুল্লাহ মন্ডলের পুত্র এবং উপজেলার শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার শ্রীমন্তপুর গ্রামের নিজ বাড়ির সামনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পাঁচবিবি থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই স্থানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ধরঞ্জী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।