হুমায়ুন কবির |
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চানের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) নান্দাইল উপজেলার চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জনগণের কাছে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে।
জনগণের ভোটে সরকার গঠিত হলে এমপি ও মন্ত্রীরা প্রতিটি কাজের হিসাব জনগণের কাছে দিতে বাধ্য থাকবে।
তিনি বলেন, ছাত্রশিবিরের নেতারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হলেও তাদের জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি—এটাই জামায়াতের রাজনীতির প্রমাণ। অথচ যারা ক্ষমতায় গেছে, তারাই বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।
ফ্যাসিবাদী শাসনের কারণে ছাত্র-জনতার আন্দোলনের মুখে একটি সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদী ও দুর্নীতিবাজকে ক্ষমতায় বসতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে নান্দাইল আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী বিডিপি চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চানকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।
বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জনগণের সমর্থনের মাধ্যমেই এই দেশ পরিচালিত হবে।
সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আনোয়ারুল ইসলাম চান তার বক্তব্যে বলেন, ১২ ফেব্রুয়ারি ফুলকপি প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত হলে দেশে নজিরবিহীন জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, “আপনারা হবেন এমপি, আর আমি হবো আপনাদের পাহারাদার।”
নান্দাইলের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ সব উন্নয়ন পরিকল্পনার সুনির্দিষ্ট তালিকা জনগণের সামনে প্রকাশ করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক সেক্রেটারি নুরুল আমীন ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা শামছুল ইসলাম রহমানি, মুফতি আরিফ আব্দুল্লাহ, মুস্তাফিজুর রহমান মোস্তাক, মাওলানা খাইরুল ইসলাম, যুব পরিষদ নেতা আরিফ খান, ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভায় নান্দাইল উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।