মোঃ হাসানুল হক মেহেদী |
নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা প্রতিনিধিঃ
নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বসানো সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায়। এতে করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে সার্বক্ষণিক নিরাপত্তা ও মনিটরিংয়ের জন্য স্থাপিত সিসি ক্যামেরাগুলোর লাইন রাতের আঁধারে কেটে বা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা যাতে নির্বিঘ্নে তাদের অপকর্ম চালাতে পারে, সে উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে।
ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে নেছারাবাদ উপজেলার ৯৮নং মধ্য নান্দুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। ভোটারদের অভিযোগ, ক্যামেরা অকেজো করে দেওয়ায় কেন্দ্রের ভেতরে কী ঘটছে, তা নজরদারির বাইরে চলে যাচ্ছে।
স্থানীয়রা আরও জানান, বিগত বছরগুলোতেও এ ধরনের ঘটনার মাধ্যমে জোরপূর্বক ভোট কেটে ব্যালট বাক্সে ঢুকানোর অভিযোগ ছিল। তারা স্পষ্ট করে বলেন, “আমরা আর কোনো অনিয়ম চাই না, জাল ভোট দেখতে চাই না। আমরা চাই একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন।”
এ বিষয়ে স্থানীয়দের জোর দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি বৃদ্ধি করতে হবে এবং ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে, যাতে ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।