আশিকুজ্জামান রানা |
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে লালমনিরহাট জেলার বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মো. তুহিন ইসলাম (৩০), মো. সাদেকুল ইসলাম শাওন (৩৬), মো. শিমুল মিয়া (২৮) ও মো. হাবিবুর রহমান (২৭)।

ডিবি পুলিশের একটি আভিযানিক দল প্রথমে হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পের চেকপোস্ট এলাকা থেকে মো. তুহিন ইসলাম ও মো. সাদেকুল ইসলাম শাওনকে গ্রেফতার করে।

এ সময় তাদের হেফাজত থেকে একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. শিমুল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়ি থেকে একটি পুরাতন লাল-কালো রঙের ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে কালীগঞ্জ থানাধীন চন্দ্রপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লতাবর গ্রামে অভিযান চালিয়ে মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি কালো-সিলভার রঙের হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার নাম্বার প্লেট ছিল না।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।