মোনতাহেরুল হক আমিন | বাঁশখালী প্রতিনিধিঃ
দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে ‘ক্লিন ইমেজের’ রাজনীতিবিদ হিসেবে পরিচিত বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী সম্প্রতি দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন।
নির্বাচনী প্রচারণায় দেওয়া তার কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার নির্বাচনী প্রচারণা চলাকালে। সেখানে স্বতন্ত্র প্রার্থী ও গণ্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেয়াকত আলীকে লক্ষ্য করে কামরুল ইসলাম হোসাইনী যে বক্তব্য দেন, তা ফেসবুকে ভাইরাল হলে নানা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এছাড়া অপর একটি পথসভায় জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে দেওয়া তার বক্তব্যও বিতর্কের জন্ম দেয়। রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে এমন আক্রমণাত্মক মন্তব্যে নিজ দলের কর্মী, কওমি ঘরানার আলেম ও সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।
সমালোচনার মুখে পড়ে কামরুল ইসলাম হোসাইনী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, তার বক্তব্যের একটি অংশ খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এরপরও তার কোনো বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ৪২-৪৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি কখনো শিষ্টাচারবর্জিত বক্তব্য দেননি এবং ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাঁশখালী গড়ে তুলতে চান।
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, প্রকাশ্যে দুঃখ প্রকাশের মাধ্যমে সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী আবারও সাধারণ মানুষের আস্থা ফেরানোর চেষ্টা করছেন।