জাহাঙ্গীর আলম মানিক |
সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

এরই ধারাবাহিকতায় নওগাঁর সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
১৪ বিজিবি সূত্রে জানা যায়, বর্তমানে নওগাঁ ও জয়পুরহাট জেলার ৯টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ১৬টি উপজেলায় ৩৮টি প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।
একইসঙ্গে বিজিবির মূল দায়িত্ব অনুযায়ী সীমান্তে চোরাচালান প্রতিরোধেও তারা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে।
এর অংশ হিসেবে গত ৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিঃ মেডিঃ সহঃ মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬১ এমপি থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন শেখহাটি গ্রামের বক্কর মাস্টারের ইটভাটার সামনে কাঁচা রাস্তায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ধরা হয়েছে ৬২ হাজার ৮০০ টাকা। এসব মালামাল ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, ৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিঃ মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে অপর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলতাদিঘীর পূর্ব পাড়ে অভিযান পরিচালনা করে।
এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে, যার সিজার মূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ দুই অভিযানে সর্বমোট উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য দাঁড়িয়েছে ২১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা।
নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্তীয় সকল অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক।