জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপজেলা পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম আহমেদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়, মানবিক ও নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য অপরিহার্য।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, পাঁচবিবি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার, দারুল ইসলাহ একাডেমি স্কুলের প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশারসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৫ জন বিজয়ী শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং নিয়মিত লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।