মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি,ফরিদপুরঃ

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও কারচুপিমুক্ত হয় এবং নির্বাচন কমিশন ও প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। সেই প্রত্যাশা পূরণ হলে বিএনপির বিজয় অনিবার্য।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, আমরা চাই একটি শিক্ষিত, উন্নত ও ন্যায়ভিত্তিক সালথা। শিশুদের মানসম্মত শিক্ষা, যুব সমাজের খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিটি ইউনিয়নে শিক্ষা ও ক্রীড়া উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সালথা গড়ে তোলা।
তিনি আরও বলেন, ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর চাওয়া সম্পূর্ণ বেআইনি। কেউ এ ধরনের দাবি করলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার।

১২ তারিখের ভোট প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু একটি ভোট নয়—এটি আগামীর বাংলাদেশ, আগামীর সালথা ও সোনাপুরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি ইনশাআল্লাহ আজীবন আপনাদের পাশে থাকব।

সভায় ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজিজুর রহমান লিটনের সঞ্চালনায় এবং মজিবুর রহমান সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোঃ আজিজুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।