মোঃ আবদুল্লাহ |
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘মেধাবীদের খুঁজে’ শীর্ষক বৃত্তি পরীক্ষা, পুরস্কার বিতরণ ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চকরিয়া কোরক বিদ্যাপিট স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, মেধাবীরাই জাতির ভবিষ্যৎ। শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ নিশ্চিত করা গেলে দেশ দ্রুত এগিয়ে যাবে। ছাত্রসমাজকে নৈতিকতা, দেশপ্রেম ও শিক্ষায় সমৃদ্ধ হয়ে আগামীর নেতৃত্বে আসতে হবে।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি নিজে এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল ও সাধারণ সম্পাদক এম মোবারক আলী পুরস্কার ও সনদ তুলে দেন।

এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।