আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। আজ বুধবার সকালে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকেই ২নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় বিএনপি নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে এই প্রচারণায় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
পথসভায় স্থানীয় বিএনপি নেতা মোঃ আশিকুর রহমান বলেন, “এলাকার অবকাঠামোগত উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই।” তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, চরাঞ্চলের কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, স্থানীয় তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে বিএনপির অগ্রাধিকার।
এদিকে স্থানীয় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক প্রবীণ ভোটার জানান, তারা শান্তি ও উন্নয়নের পক্ষে যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। দীর্ঘদিন পর নির্বাচনী আমেজ ফিরে আসায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।