মোঃ গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত সহপাঠীর পরিবারের সঙ্গে মামলা করতে এসে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী হাসানুর রহমান গ্রেফতার হয়েছেন।

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ও সহপাঠীরা অবিলম্বে তার মুক্তি এবং শিক্ষা জীবনে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইইই বিভাগের শিক্ষার্থীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৫ জানুয়ারি বিকেল ৪টা ৪০ মিনিটে রাজশাহীর পুঠিয়া উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কের পোল্লাপুকুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থী শান্ত ইসলাম নিহত হন।

আহতদের মধ্যে আরও দুজনের মৃত্যু হাসপাতালে ঘটে।
দুর্ঘটনার পর পুলিশ সদস্যদের সিদ্ধান্তহীনতার কারণে স্থানীয় জনতার মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এতে উত্তেজিত জনতার নিরাপত্তা বজায় রাখতে এবং সংঘাত এড়াতে শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহপাঠীর লাশ নিরাপদ স্থানে সরিয়ে দেন। পরবর্তী সময়ে সেনাবাহিনীর সহযোগিতায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তবে, পরবর্তী সময়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে ২৬ জানুয়ারি বেলপুকুর থানায় নিহত শিক্ষার্থীর পক্ষে মামলা করতে গিয়ে হাসানুর রহমানকে গ্রেফতার করা হয়।

বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীরা আশা করছেন, পুলিশ প্রশাসন বিষয়টির মানবিক ও ন্যায্য দিক বিবেচনায় নিয়ে দ্রুত মুক্তি দেবে এবং শিক্ষার্থীকে শিক্ষা জীবনে ফিরিয়ে আনবে।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থীরা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল থাকলেও ঘটনার বাস্তবতা ও মানবিক দিক বিবেচনায় বিষয়টি সংবেদনশীলভাবে সমাধানের আবেদন জানিয়েছেন।