রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা আদর্শ স্কুলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে হোয়াইট বোর্ড পেন দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
চন্দ্রিমা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্কুলটি রাজশাহী নগরীর ভদ্রা আবাসিক এলাকার ৫ নম্বর রোডে অবস্থিত এবং ২০২২ সালে প্রতিষ্ঠিত। মাত্র তিন বছরের পুরোনো এই প্রতিষ্ঠানে এমন ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) শ্রেণিকক্ষে তুচ্ছ ঘটনায় শিক্ষিকা মোসা. মৌসুমী (২৭) হোয়াইট বোর্ড পেন দিয়ে ছাত্রী সোহানী রহমান স্নেহা (১২)-এর নাকে আঘাত করেন। এতে তার নাকে গভীর ক্ষত হয় এবং রক্তপাত শুরু হয়।
ভুক্তভোগীর মা মোসা. শিমু (২৮) অভিযোগে বলেন, ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। অধ্যক্ষ মো. মাসুদসহ দুই শিক্ষক তার বাড়িতে গিয়ে ভয়ভীতি ও হুমকি দেন বলেও তিনি অভিযোগ করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় এক অভিভাবক বলেন, “মাত্র তিন বছরের একটি স্কুলে এমন ঘটনা আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।”
এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মো. মাসুদ আলী কোনো মন্তব্য করতে রাজি হননি।