আশরাফুদ্দীন আল আজাদ | বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার এমপি পদপ্রার্থী জননেতা প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী বাজার সাতমাথা চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ গোসাইবাড়ী ইউনিয়ন শাখার সভাপতির সভাপতিত্বে এবং সেক্রেটারি লিয়াকত আলী পর্বতের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম দেশ ও মানবতার কাঙ্ক্ষিত মুক্তির জন্য ইসলামী আন্দোলনের রাজনীতি।
মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই যে আদর্শ নিয়ে রাজনীতি করছেন, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আগামী দিনে শেরপুর-ধুনট আসনের সর্বস্তরের জনগণের প্রত্যাশা পূরণে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর এলাকা গড়তে আমি সর্বদা কাজ করবো, ইনশাআল্লাহ।
পথসভা শেষে গোসাইবাড়ী বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন হাতপাখার প্রার্থী।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের ধুনট ও শেরপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।