ফারুকুর রহমান বিনজু|
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় আলোচিত সোহেল হত্যা মামলার প্রধান আসামি মো. কায়েস ইসলামকে প্রায় ৪ বছর পর গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কায়েস ইসলাম (৪৬) পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বাসিন্দা এবং মো. সোহেল আলম (৩৬) হত্যা মামলার প্রধান আসামি।
সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত মেজর মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ এপ্রিল পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল আলম তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে কায়েস ইসলামের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়।
হামলায় তিনজন গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে সোহেল আলম মারা যান।
এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কায়েস ইসলাম গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পেয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
বাকলিয়া থানার ডিউটি অফিসার রুমা বড়ুয়া জানান, গ্রেফতারকৃত ব্যক্তি পটিয়া থানার সোহেল হত্যা মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বাকলিয়া থানা থেকে হত্যা মামলার আসামি কায়েস ইসলামকে গ্রেফতার করে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।