রিপন কান্তি গুণ |
নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর বাজারে চাল সংরক্ষণে পাটের বস্তা ব্যবহার না করার অভিযোগে একটি অটো রাইস মিল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১ ফেব্রুয়ারি)) উপজেলার সদর ইউনিয়নের অতিথপুর বাজারে অবস্থিত মেসার্স শাওন অটো রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে মিল মালিক স্বপন মিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম।

এ বিষয়ে তিনি বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ নম্বর ধারা অনুযায়ী চাল সংরক্ষণে পাটের বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। আইন অমান্য করায় মেসার্স শাওন অটো রাইস মিলের মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।