বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন ও পৌর জামায়াতের সহ-সভাপতি হাফেজ মাওলানা মাহাবুবুর রহমান। মিছিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জামায়াত নেতারা অভিযোগ করে বলেন, উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের গাবতলি গ্রামে শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে যুবদল নেতা জাফর মেম্বার ও মো. ফারুকের নেতৃত্বে বিএনপির ৪০-৫০ জন নেতাকর্মী মোটরসাইকেলে মহড়া দিয়ে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের গতিরোধ করে

পরে তাকে জোরপূর্বক নামিয়ে মারধর করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে জামায়াত নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।