গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের তাল্লুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় ঋণের চাপে পড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক অটোচালক। নিহতের নাম লালমিয়া (৫৫)। তিনি মৃত নালু মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লালমিয়া। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। ঋণের চাপের কারণে তিনি মানসিকভাবে হতাশ ছিলেন বলে পরিবার জানিয়েছে।
প্রতিদিন ভোরে তিনি রিকশা নিয়ে বের হলেও সেদিন বের না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। অনেকক্ষণ দরজা না খোলায় পরে দরজার ফাঁক দিয়ে দেখেন তিনি ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম।