লুৎফর সিকদার |
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত পাঁচ দিনের ব্যবধানে জেলার গুরুত্বপূর্ণ তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে দুর্বৃত্তরা গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন (২ বিএন) সদর দপ্তরের অভ্যন্তরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানের ফাঁকা স্থানে জর্দার কৌটায় কালো কস্টেপে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হলে এলাকাজুড়ে বিকট শব্দ ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

এ বিষয়ে গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা জানান, ককটেল বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এবং ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবন কমপাউন্ডে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ধারাবাহিক এসব ঘটনার পেছনে কারা জড়িত তা শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।