মাদারীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে শুক্রবার (৩০ জানুয়ারি) শ্রীনদী বাজার সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে নদীর পাড়ের খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ এবং মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদল নেতা ওবায়দুল ফরাজী, শিরখাড়া ইউনিয়ন বিএনপির নেতা বাবলু শেখ ও তোতা বাঘা। এছাড়া ইশিবপুর ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতা বশীর মাতুব্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জনসভায় সভাপতিত্ব করেন শিরখাড়া ইউনিয়ন বিএনপির নেতা খোকন হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিরখাড়া ইউনিয়ন যুবদল নেতা রাকিব বেপারী ও রাজিব ফরাজী। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন, বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতিতে অংশগ্রহণে অঙ্গীকারবদ্ধ। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচন ও ভোটাধিকার নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। ছাত্রসমাজ বৈষম্যের অবসান ও ন্যায্যতার দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
বিভিন্ন আন্দোলনে হতাহত হওয়ার ঘটনায় দেশবাসী ব্যথিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
তিনি রাজনৈতিক বিভাজন পরিহার করে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে দেশবাসীর সমর্থন প্রত্যাশা করে।