মোঃ মাসুদ মোল্লা |
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ করেছে রাঙ্গাবালী উপজেলা যুবদল।

বিশেষ করে গত ২৮ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন যুবদল নেতারা।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাঙ্গাবালী উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নিয়াজ আকন বলেন, নির্বাচনী এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি দাবি করেন, খেলাফত মজলিসের প্রার্থী ও তার সমর্থকরা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিএনপি ও যুবদলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, যুবদল সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে বিশ্বাসী এবং কোনো ধরনের সহিংসতা কিংবা বিশৃঙ্খলায় জড়িত নয়। অথচ ভিত্তিহীন অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের আহ্বান জানান এবং নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের কথাও জানান তারা।