ফারুকুর রহমান বিনজু |
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেক যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে পটিয়া বাইপাস সড়কের শেয়ানপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ সাকিব (৩৯)। তিনি বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রামের ঈসা খান ঘাঁটিতে কর্মরত ছিলেন। আহত ব্যক্তির নাম মোঃ ইকবাল হোসেন (২৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ সাকিব তার বন্ধু মোঃ ইকবাল হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়ে পটিয়া বাইপাস সড়কে আসেন। এ সময় পেছন দিক থেকে একটি দ্রুতগামী যান (হানিফ এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর টহলরত র্যাবের একটি দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাকিবকে মৃত ঘোষণা করেন।
আহত মোঃ ইকবাল হোসেনসহ উভয়কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ পাঠানো হয়।
আহত ইকবাল হোসেন চট্টগ্রামের পতেঙ্গা এলাকার মৃত আবু হানিফের পুত্র বলে জানা গেছে।
এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, “সকাল ৭টার দিকে পটিয়া বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”