মোঃ মশিউর রহমান | কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামসহ সারাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকরা ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় অংশ নেন দলটির মনোনীত প্রার্থীর কনিষ্ঠ ছেলে আবু সুফিয়ান পাভেল।

তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগ শেষে ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজারে একটি খোলা বৈঠকে অংশ নেন আবু সুফিয়ান পাভেল।

এতে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস কে বাবু, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজার রহমান মাস্টার, সদস্য সচিব হারুন আর রশিদসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আবু সুফিয়ান পাভেল বলেন, বিগত সময়ে তাঁর বাবা সংসদ সদস্য হিসেবে কুড়িগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করেছেন।

জনগণ আবারও সুযোগ দিলে তিনি তাঁর অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করে কুড়িগ্রামকে একটি মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তুলবেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে এবং এই প্রচারণা নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে।