মোঃ মাসুদ মোল্লা |
রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট ৪ নম্বর ওয়ার্ডের আবু মিয়ার সুলিজ এলাকা থেকে শুরু হওয়া এই গণমিছিলটি শান্তিপূর্ণভাবে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গণমিছিলে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এবিএম মোশারফ হোসেনের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করা হয়।

মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ধানের শীষ জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতীক।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণমিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশারফ হোসেনের বিজয় কামনা করেন।