মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদকাসক্তদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সর্বদা আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে জেলা কার্যালয়ের পক্ষ থেকে মহাপরিচালককে গার্ড অব অনার (স্যালুট) ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শন শেষে মহাপরিচালক জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় জেলার মাদকবিরোধী কার্যক্রমের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বিগত এক বছরের কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন করেন।
এতে সন্তোষ প্রকাশ করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসির ‘ক’ সার্কেল পরিদর্শক মোঃ রফিকুল ইসলামসহ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
মহাপরিচালক হাসান মারুফ বলেন, “যারা মাদকাসক্ত, তাদের শাস্তি দেওয়ার পাশাপাশি ভালো পথে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”
তিনি মাদকবিরোধী অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া কর্মকর্তাদের মতামত মনোযোগসহকারে শুনে কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।