কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে র্যাব-১১, সিপিসি-২। জেলার বুড়িচং ও সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ৮০ বোতল বিদেশি মদ উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দুর্গাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-১১, সিপিসি-২-এর একটি আভিযানিক দল। অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মোঃ সোহাগ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তিনি বুড়িচং উপজেলার দুবাইচর গ্রামের মোঃ রফিজের ছেলে।
অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেন।
এদিকে একই দিন রাতে পৃথক আরেকটি অভিযানে র্যাব-১১, সিপিসি-২-এর একটি দল কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গিলাতলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে র্যাব-১১-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।