চট্টগ্রামের পটিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
পটিয়া সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি সোমবার ভোর রাতে সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আফজাল মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মুরাদ হাশেমী (৩৫) ও মো. শহীদুল ইসলাম (৫৫) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত শানু (৫২) পালিয়ে যায়। পরে আটককৃতদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি দা ও ৬টি ছুরি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।