গোলাম মওলা |
মাদারীপুর প্রতিনিধিঃ
কৃষি পুনর্বাসন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে মাদারীপুরের শিবচর উপজেলায় প্রান্তিক কৃষকদের জন্য সরকারের বিশেষ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ২৫ জন প্রান্তিক কৃষককে সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেক কৃষককে ৬৩০ কেজি আখের বীজের সঙ্গে ২২ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার দেওয়া হয়।
পাশাপাশি আখ চাষে সেচ সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক কৃষকের ব্যাংক হিসাবে এক হাজার ৪৪০ টাকা করে প্রদান করা হবে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলিমুজ্জামান খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, কৃষকদের পাশে দাঁড়াতে সরকার নিয়মিতভাবে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সহায়তার মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং আখ ও গুড় উৎপাদন বাড়িয়ে কৃষকের আয় বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা পার্থ প্রতীম হীরা, উপকারভোগী কৃষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।