মো. আরফান আলী | পীরগঞ্জ,ঠাকুরগাঁওঃ
ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অনুমোদন ও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই ছাগল জবাইয়ের দায়ে এক কসাইকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) পীরগঞ্জের সেনুয়া বাজার সৌরাস্তা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত কসাইকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদন ও পশুদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই নিয়মিত ছাগল জবাই করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত কসাইয়ের নাম সবুজ আলী (৩৬)। আদালত তাকে সতর্ক করে বলেন, ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে জরিমানার পরিমাণ দ্বিগুণসহ উভয় দণ্ড প্রদান করা হবে।
পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন–২০১১ অনুযায়ী আইন লঙ্ঘনের দায়ে তাকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ইসফাকুল কবীর।
অভিযানকালে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রণজিৎ চন্দ্র সিংহ, প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. সানজিদ হাসান এবং পুলিশের একটি দল।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০টি ছাগল জবাই করা হতো এবং এসব ছাগলের মাংস রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। এ ঘটনায় জনস্বাস্থ্য ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসন এমন অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।