বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়ি পাল্লার প্রার্থী ডা. সুলতান আহমেদ গতকাল বিবিচিনি এলাকায় দিনব্যাপী গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
গণসংযোগের সূচনা হয় ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে। এরপর তিনি বিবিচিনি কলেজসহ এলাকার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। ডিসির হাট বাজার, বেসনদার কাঠি হয়ে বেতাগীর শেষ সীমানা পর্যন্ত বিভিন্ন স্থানে গিয়ে তিনি শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষা পরিবেশ উন্নয়ন, নৈতিক শিক্ষার গুরুত্ব এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।
বিকেলে ডা. সুলতান আহমেদ বিভিন্ন এলাকায় দোকানে দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁদের দৈনন্দিন সমস্যা, প্রত্যাশা ও মতামত মনোযোগসহকারে শোনেন এবং জনগণের পাশে থাকার আশ্বাস দেন।
দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচির মাধ্যমে ডা. সুলতান আহমেদ বিবিচিনি এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। এতে স্থানীয়দের আস্থা ও সমর্থনের ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।