এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক সংসদ সদস্য, সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নিজ বাসভবনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তার উপস্থিতিতে জামায়াতের সহযোগী সদস্য ফর্ম পূরণের মাধ্যমে নবাগতরা আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে যোগ দেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

এরপর থেকেই তিনি স্থানীয় এলাকা ও ঢাকায় জামায়াতের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সভা-সমাবেশে নিয়মিত অংশগ্রহণ করে বক্তব্য দিয়ে আসছেন।

এছাড়াও তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াত মনোনীত ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। গত বৃহস্পতিবার তিনি ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদান করেন এবং নিজ এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানান।

তার এই আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দু’জন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিসহ দুই শতাধিক মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

শনিবার গণঅধিকার পরিষদের নেতা সৈয়দ আলীউজ্জামান, মো. স্বপন মিয়া, মো. রফিকুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, মো. লিটন মিয়া, মোখলেছুর রহমান দাদন, আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের মিজানুর রহমান ভুইয়াসহ বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
নবাগত নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতিই জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে সক্ষম। এই বিশ্বাস থেকেই তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

এ বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি জামায়াতে যুক্ত হয়েছেন। তিনি আরও বলেন, দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন।

সেই লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সাধারণ মানুষকেও এই পথে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন।