মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) ভোরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র সীমান্ত পিলার ১৮২/২-এস থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জনৈক শমসের আম বাগানে নেশাজাতীয় পণ্য মজুদ করে দেশের বিভিন্ন স্থানে পাচারের প্রস্তুতি নিচ্ছিল।

এমন তথ্যের ভিত্তিতে আজমতপুর বিওপি হতে একটি বিশেষ টহল দল সকাল ৫টা ২০ মিনিটে ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার ৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (টেনসিউইন) এবং ৪৮ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় সিরাপ (Eskuf DX) জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নেশাজাতীয় পণ্য ফেলে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃত নেশাজাতীয় পণ্যের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিগত দুই মাসে সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে প্রায় ২ হাজার ২০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২৬ হাজার ৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।