মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতের দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে গত ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) রুয়েটের মূল ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এবছর ভর্তি পরীক্ষা রাজশাহীতে অবস্থিত রুয়েট ক্যাম্পাস এবং ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)—এই দুইটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ১৮ হাজার ২৭৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৫ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী। দুই কেন্দ্র মিলিয়ে উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ১৭ শতাংশ। রাজশাহীর রুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ৬ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী, যা উপস্থিতির হার ৮১ দশমিক ১৪ শতাংশ।
অপরদিকে বুয়েট কেন্দ্রে অংশ নেন ৮ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী, যেখানে উপস্থিতির হার ছিল ৮৮ দশমিক ৬৬ শতাংশ।
ভর্তি পরীক্ষা এক শিফটে দুইটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই গ্রুপে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও ইংরেজি—এই চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়।
অন্যদিকে ‘খ’ গ্রুপের (স্থাপত্য) পরীক্ষা দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ গ্রুপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়।
ভর্তি পরীক্ষার ফলাফল ও পরবর্তী ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত তথ্য রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।