এ.এস.এম হামিদ হাসান | কটিয়াদী (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, বিকেলে ভাতশালা গ্রামে কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভা চলছিল। তবে তিনি অসুস্থতার কারণে ওই জনসভায় উপস্থিত হতে পারেননি।

সভা শেষে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়। এসময় ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের চেয়ারে বসা নিয়ে কথা কাটাকাটির পর সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে যুবদল নেতা মাহবুব আলম কিসমতসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জীবিত দলীয় নেতাকর্মীদের বক্তব্যে যুবদল নেতা মাহবুব আলম কিসমত বলেন, মিছিল নিয়ে জনসভায় পৌঁছানোর পর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া ও তার সাথে থাকা লোকজন তাদের উপর হঠাৎ হামলা চালায়। এতে তিনি সহ অন্তত ২০ নেতাকর্মী আহত হন।

অপরদিকে সাদেক মিয়া বলেন, যুবদল নেতা কিসমত ও তার সাথে থাকা লোকজনই প্রথম তাদের উপর হামলা করেছে। হামলায় তিনি সহ অন্তত ৮-১০ জন কর্মী গুরুতর আহত হয়েছে।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।