হুমায়ুন কবির | নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী প্রচারণা আরও বেগবান হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় নান্দাইলে জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকেলে নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক বিশাল যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। উক্ত যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নান্দাইল আসনে বিএনপির ধানের শীষের চূড়ান্ত সংসদ সদস্য মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে।
জাতীয় পার্টির নান্দাইল উপজেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসনাত মাহমুদ তালহার নেতৃত্বে যোগদান করেন জাতীয় পার্টির নান্দাইল উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি এডভোকেট ধীমান কুমার সরকার, শাহজাহান ফকির, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও আহমেদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভূইঁয়া শরিফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ, সাবেক অর্থ সম্পাদক আব্দুল মতিন মীর, সাবেক প্রচার সম্পাদক আবু তাহের ভূইঁয়া, সাবেক যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ হোসেন, সাবেক সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম শান্তি, সাবেক এনজিও বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম এনজিও বিষয়ক সম্পাদক গোলাম মোস্তুফা, সাবেক যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম ভূইঁয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে একটি স্বাবলম্বী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বিগত দিনের সকল মতপার্থক্য ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করতে হবে। নান্দাইলকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করে একটি উন্নয়নমুখী এলাকা গড়ে তুলতে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে একমাত্র বিএনপিই সক্ষম।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, তরুণ দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।