ফারুকুর রহমান বিনজু | পটিয়া (চট্টগ্রাম):
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া আসনে প্রথম দিনেই ব্যাপক গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন বিএনপির প্রার্থী এনামুল হক এনাম।
দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে হ্যান্ডমাইক ব্যবহার করে দিনব্যাপী পরিকল্পিত রোডম্যাপ অনুযায়ী গণসংযোগ চালান তিনি।
শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) দক্ষিণ ভূর্ষী ইউনিয়ন থেকে শুরু হওয়া এ গণসংযোগ পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াদন্ডী, রেলগেট, জাইদুল হক মাস্টার বাড়ি, আছাদ আলী মাস্টার বাড়ি হয়ে তালতলা চৌকিতে এক পথসভায় মিলিত হয়। পরে সেখান থেকে প্রেস ক্লাব চত্বরে এসে রাত ৮টায় প্রথম দিনের গণসংযোগ কর্মসূচি শেষ হয়।
গণসংযোগকালে সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয় এবং নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির পৌরসভা সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, বিএনপি নেতা বদরুল খায়ের, পৌরসভা বিএনপির নেতা তৌহিদ,৩নং ওয়ার্ড সভাপতি কিসমত, সাধারণ সম্পাদক খসরু সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম বলেন, “ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশ সেবার সুযোগ পাব।”