এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬১ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিট ও সকাল ৮টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির অধীন গোলাবাড়ী ও কটকবাজার পোস্টের বিশেষ টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়বাড়ি এলাকায় এবং প্রায় ১০০ গজ অভ্যন্তরে ‘থ্রীস্টার তেলের পাম্প’ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপ জব্দ করা হয়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, বাসমতি চাল, রেডবুল পানীয় ও আমুল বাটার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক বাজার মূল্য ৬১ লাখ ১৬ হাজার টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান আগামীতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।