ভৈরবের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনের ধানের শীষের আলোচিত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে কিশোরগঞ্জের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভৈরবে আয়োজিত জনসভায় যোগ দিতে বাজিতপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন ফজলুর রহমান। তবে পথিমধ্যে হঠাৎ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভর্তি রাখার সিদ্ধান্ত নেন।
হাসপাতালের পরিচালক ডা. বাহার উদ্দীন ভুঁইয়া গণমাধ্যমকে জানান, বর্তমানে অ্যাডভোকেট ফজলুর রহমানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শুরুতে তার তীব্র শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। তাৎক্ষণিক অক্সিজেন দেওয়ার পর শ্বাসকষ্ট কিছুটা নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, জ্বর ও অতিরিক্ত শ্বাসকষ্ট থাকায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন। তবে সব রিপোর্ট পাওয়ার পর চূড়ান্তভাবে রোগ নির্ধারণ করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।