মাহিদুল ইসলাম ফরহাদ |চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (সন্ধ্যা) আনুমানিক রাত ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ আব্দুর রাজ্জাক (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত রফিকুল ইসলাম ও মোসাঃ মাসতারার ছেলে।
এ সময় আটককৃত ব্যক্তির কাপড়ের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ তাকে হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।