মোঃ আবদুল্লাহ (আল-মামুন) | চট্রগ্রামঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীক নিয়ে কক্সবাজারের চকরিয়া-পেকুয়ার গ্রামগঞ্জে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও জননন্দিত জননেতা আলহাজ সালাহউদ্দিন আহমেদ।

তাঁর টানা গণসংযোগকে ঘিরে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জনস্রোত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার কোনাখালি এলাকা থেকে গণসংযোগ কার্যক্রম শুরু করেন সালাহউদ্দিন আহমেদ। জানা গেছে, পর্যায়ক্রমে তিনি চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শুনবেন।

গণসংযোগকালে তিনি প্রবীণ মুরুব্বি, সমাজসেবক, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কৌশল ও মতবিনিময় করেন। এ সময় দীর্ঘদিনের বঞ্চনা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান ও কাঙ্ক্ষিত উন্নয়ন নিয়ে জনগণের প্রত্যাশা ও অভিমত উঠে আসে।

স্থানীয় মুরুব্বিদের ভাষ্য, হারানো অধিকার পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে ধানের শীষই এখন জনগণের শেষ ভরসা।

গণসংযোগকালে সালাহউদ্দিন আহমেদ বলেন,
“আমি সত্য, ন্যায় ও উন্নয়নের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। জনগণের পাশে থাকা আমার রাজনৈতিক অঙ্গীকার।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাঠপর্যায়ে সরাসরি গণসংযোগ এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ফলে তাঁর প্রতি জনআস্থা আরও দৃঢ় হচ্ছে।

চলমান এই জনসম্পৃক্ততা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।