ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় দায়িত্বরত পুলিশের বিরুদ্ধে ৫০ টাকার খাবার দিতে ২০০ টাকা ঘুষ দাবি ও গ্রহণের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নলছিটি পৌর এলাকার নান্দীকাঠী গ্রামের এক যুবককে গত ১৮ নভেম্বর ২০২০ তারিখে নলছিটির বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে হাজতখানায় পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তীতে ওই যুবকের বড় ভাই দুপুরের খাবারের জন্য ৫০ টাকা ব্যয়ে ভাত, ডিম ও সবজি নিয়ে হাজতখানার সামনে গেলে সেখানে দায়িত্বরত কনস্টেবল হাবিব খাবার পৌঁছে দিতে ২০০ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় ভুক্তভোগী ১০০ টাকা দিলে তা ফেরত দেওয়া হয় এবং পুনরায় ঘুষের দাবি করা হয়।

অভিযোগকারী সাংবাদিক মুনির জানান, তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও সংশ্লিষ্ট কনস্টেবল ঘুষ দাবি অব্যাহত রাখেন এবং একপর্যায়ে টাকা গ্রহণ করেন। পুরো ঘটনাটি তিনি গোপনে ভিডিও ধারণ করেন বলেও দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত কনস্টেবলের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আইন সচেতন মহল বলছে, আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘুষের অভিযোগ ন্যায়বিচার ও মানবাধিকারের পরিপন্থী। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘুষ সংস্কৃতি থেকে কবে জাতি মুক্তি পাবে—এমন প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।