ফরহাদ ইসলাম | চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে মোট ১৯ দফা কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

ঘোষিত ১৯ দফার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো— কৃষিখাতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, নারী ও শিশু অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, স্বাস্থ্যখাতে আধুনিক হাসপাতাল ও চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন।

এছাড়া তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার বাস্তবায়নের অঙ্গীকার করেন।

মো. হারুনুর রশীদ বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থন ও ভোটে নির্বাচিত হতে পারলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনকে একটি মডেল আসনে রূপান্তর করা হবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।