মিলন বৈদ্য শুভ | রাউজান,চট্টগ্রাম প্রতিনিধিঃ

বিদ্যা ও সুরের অধিষ্ঠাত্রী দেবী শ্রীশ্রী সরস্বতীর আরাধনায় শুভ শুক্লা পঞ্চমীর পবিত্র তিথিতে রাউজান সরকারি কলেজে বর্ণাঢ্য সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে।

আগামী ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (২৩ জানুয়ারি ২০২৬ খ্রি., শুক্রবার) রাউজান সরকারি কলেজের বাণী অর্চনা পরিষদের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা বিনম্র চিত্তে এ পূজানুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

পূজার আনুষ্ঠানিক সূচনা হবে ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (২২ জানুয়ারি ২০২৬ খ্রি., বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় মাতৃবরণ অনুষ্ঠানের মাধ্যমে। পরদিন শুক্রবার সকালে বিদ্যাদেবী শ্রীশ্রী সরস্বতীর পূজা, পুষ্পাঞ্জলি ও আরাধনার মধ্য দিয়ে মূল পূজানুষ্ঠানমালা শুরু হবে।

আয়োজকরা জানান, অক্ষরকে অর্থবহ করা এবং সুরে প্রাণ সঞ্চারকারী বিদ্যার দেবীর চরণে ভক্তি নিবেদনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিকতা ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এ উপলক্ষে রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজামণ্ডপ সাজানো হচ্ছে।
সরস্বতী পূজাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, এই শুভলগ্নের পূজানুষ্ঠানকে আরও আনন্দময় ও সার্থক করতে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের স্নিগ্ধ উপস্থিতি একান্তভাবে কাম্য।

পূজামণ্ডপ হিসেবে নির্ধারিত হয়েছে রাউজান সরকারি কলেজ প্রাঙ্গণ। সার্বিক আয়োজনে রয়েছে বাণী অর্চনা পরিষদ, রাউজান সরকারি কলেজ।